জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। ১০ দলীয় জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই ঘোষণা দেন।
রোববার ৮ জানুয়ারি সকাল ১১টায় জগন্নাথপুরে খেলাফত মজলিসের দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার জনগণের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছিলেন। জোটের একক প্রার্থী হওয়ার লক্ষ্যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হলেও কোনো কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, “এমতাবস্থায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, “সুনামগঞ্জ-৩ আসনটি মূলত ইসলামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১০ দলীয় জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় একটি সম্ভাবনাময় ও নিশ্চিত আসন আমাদের হাতছাড়া হয়ে গেল। যদি একক প্রার্থী দেওয়া যেত, তাহলে জোট আরও শক্ত অবস্থানে যেতে পারতো।”
সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও খেলাফত মজলিস এ আসনে বর্তমানে কোনো প্রার্থী, দল কিংবা প্রতীককে সমর্থন দেবে না। তবে এলাকার জনগণের পাশে থাকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে পুনরায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন শেখ মুশতাক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।