নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে রেঞ্জের সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর আয়োজনে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ডিআইজি মীর আশরাফ আলী অফিসার ইনচার্জদের উদ্দেশে জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, প্রতিটি অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।