জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. সাদিকুর রহমান ওরফে সৌরভ (২৬), পিতা মো. বায়োজিদ হোসেন, সাং চিকনমাটি এবং আমিনুল ইসলাম (২৮), পিতা মোহাম্মদ আশরাফ আলী, সাং চান্দখানা।
পুলিশ সূত্রে জানা যায়, সাদিকুর রহমান ওরফে সৌরভের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাদিকুর রহমানের বিরুদ্ধে ডোমার থানার মামলা নং-১৫, তারিখ ২১/০৮/২০২৬ খ্রি. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে একই আইনের ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বর্তমান সময়ে ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকের সঙ্গে তরুণদের একটি অংশ জড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা জরুরি।