মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও অবদান রাখা, মামলা-হামলার শিকার হওয়া এবং জনসমর্থন রয়েছে—এমন নেতাদের মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে দল যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতারা এসব কথা বলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চুনতি ইউনিয়নে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মতবিনিময়ের জন্য দলীয় সমর্থন প্রদানে প্রার্থী যাচাই-বাছাই কমিটি এ সভার আয়োজন করে।
সভায় বিএনপির নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর দলের সঙ্গে থেকে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, প্রতিকূল পরিস্থিতিতে দলের পাশে ছিলেন, তাঁদের বিষয়টি মনোনয়ন প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।
মনোনয়নপ্রত্যাশীদের আবেদন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে জেলা কমিটির কাছে জমা দেওয়া হবে। জেলা কমিটি সেগুলো কেন্দ্রে পাঠাবে। পরবর্তী সময়ে দলের চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।নেতারা আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন লিটু, নুর মোহাম্মদ শহীদুল্লাহর পক্ষে বেলাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা আবদুল আজিজ আকাশ, আবদুর নুর সওদাগর এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম।
এ সময় তরুণ বিএনপি নেতা আবদুল আজিজ আকাশের নামও বক্তব্যদাতাদের তালিকায় উল্লেখ করা হয়।
চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরমান উল্যাহর সঞ্চালনায় সভায় ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।