লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকিনা পলাশী এলাকায় বাইতুন নাজাত জামে মসজিদ সংলগ্ন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুর রহিমের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লবসহ কয়েকজন যুবক আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যায় অটোরিকশায় করে নামুড়ী থেকে কাকিনা বাজার হয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।