লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের আমন্ত্রণে এবং আন্তরিক প্রচেষ্টায় পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পেলেন।
১৫ নভেম্বর সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ৪১ জন এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে পুরো সংসদ ভবন পরিদর্শন করেন। এ যেন তাদের জীবনের স্বপ্নপূরণে এক অনন্য দৃষ্টান্ত।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সাথে এক আনন্দঘন পরিবেশে সময় কাটান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর সাথে করমর্দন করেন। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এই পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব, সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ তাঁদের জীবনে যোগ করে এক স্মরণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা।
মেধার স্বীকৃতি, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নেতৃত্ব সম্পর্কে পরিচিত করার এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মেধাবীদের হাত ধরেই গড়ে উঠুক আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। শিক্ষার আলোয় আলোকিত হোক পাটগ্রাম-হাতীবান্ধা।