• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাবেক ডিআইজি ও স্বজনদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৫৩ বিজিবির তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নেত্রকোণার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটবাসীর জন্য ৩ সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন ময়মনসিংহের তিন উপজেলায় মোবাইল কোর্টের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কুড়িগ্রামের মেয়ে রেহানা পারভীন পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি, ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’

সাবেক ডিআইজি ও স্বজনদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী ও শ্যালকসহ কয়েকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, বাথানঘর ছাড়তে অস্বীকৃতি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক মো. আব্দুর রহিম।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মৌজায় তাঁদের ছয় ভাইয়ের মালিকানাধীন প্রায় ১১ বিঘা জমি রয়েছে। ওই জমি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ১০ বছর মেয়াদে আবু হেনা মোস্তফা জামানের কাছে লিজ দেওয়া হয়। লিজ নেওয়ার পর তিনি সেখানে আমবাগান গড়ে তোলেন এবং বাগান দেখাশোনার জন্য জমির মালিকদের অনুমতি নিয়ে রাস্তার পাশে দুই কক্ষবিশিষ্ট একটি বাথানঘর নির্মাণ করেন। লিজের মেয়াদ শেষ হলে ঘরটি ভেঙে নিয়ে যাওয়ার শর্তও ছিল বলে দাবি করেন তিনি।
আব্দুর রহিমের অভিযোগ, লিজের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হলেও আবু হেনা মোস্তফা জামান বাথানঘরটি দখলে রেখেছেন এবং জমি ছেড়ে দিচ্ছেন না। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রীর প্রভাব ও প্ররোচনায় ঘরটি সরানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, তাঁর ভাই মো. জামিরুল রহমানের কাছ থেকে তিনটি দাগে মোট ১৩ কাঠা জমি কৌশলে ও প্রলোভন দেখিয়ে কিনে নেন আবু হেনা মোস্তফা জামান। তবে অভিযোগ অনুযায়ী, ক্রয় করা জমির বাইরে রাস্তা-সংলগ্ন আরও একটি দাগের ১৩ কাঠা জমিও তিনি জোরপূর্বক ভোগদখল করছেন।
আব্দুর রহিম বলেন, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে তাঁরা বিবাদীদের জমি ছেড়ে দেওয়ার কথা বললে সাবেক ডিআইজির প্রভাব দেখিয়ে তাঁদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ছাড়া গত ২৩ অক্টোবর নাচোল থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যা তাঁদের দাবি অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক ডিআইজি নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মোসা. নুপুর এবং তাঁদের স্বজনদের প্ররোচনায় আবু হেনা মোস্তফা জামানসহ কয়েকজন তাঁদের সম্পত্তি দখলে রেখেছেন। এ ঘটনায় তাঁরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম অভিযুক্তদের মধ্যে আবু হেনা মোস্তফা জামান, মো. শরিফুল ইসলাম, রতন মিয়া, মোসা. নুপুর ও মো. রেজাউলের নাম উল্লেখ করেন। তাঁদের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ তুলে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের জমি উদ্ধারে সহযোগিতার আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাবেক ডিআইজি মো. নজরুল ইসলাম, তাঁর স্ত্রী, শ্যালক ও অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd