থানচি (বান্দরবান) প্রতিনিধি:
২১ জানুয়ারির মধ্যে নির্বাচন, দুর্গম দুই উপজেলা দিয়ে শুরু হচ্ছে ভোটের আয়োজন।
পার্বত্য জেলা বান্দরবানের সাতটি উপজেলায় ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে আগাম প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি আলীকদম ও থানচি উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দুর্গম এই দুই উপজেলা দিয়েই শুরু হবে নির্বাচনী কার্যক্রম।
সম্ভাব্য এই সময়সূচি সামনে আসার পর থেকেই ১নং রেমাক্রী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই, সমর্থন আদায় এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তৎপরতাও দেখা যাচ্ছে।
তবে এই তারিখকে এখনই নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্বাচনী তফসিল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। নির্বাচন কমিশন প্রতিটি ধাপের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের চূড়ান্ত তারিখ জানা যাবে।