হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জনসেবামূলক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সোমবার (১৭ আগস্ট) তিনি জেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। Inspection-এর অংশ হিসেবে তিনি নেত্রকোণা সরকারি শিশু পরিবার, কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোণা সদরের রৌহা ইউনিয়ন ভূমি অফিস এবং বিসিআইসি বাফার গোডাউন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের প্রাপ্ত সেবার মান, দাপ্তরিক পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে সেবার মান বাড়াতে এবং দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।