হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী। নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, নেত্রকোণা জেলা শাখার সদস্য এবং পূর্বধলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয়তাবাদী আদর্শের এই নেতা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মাধ্যমে তিনি এলাকায় জনসম্পৃক্ততা তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও মোহাম্মদ আলীর সম্পৃক্ততা রয়েছে। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়ে থাকেন। এছাড়া উপজেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের খেলাধুলার কার্যক্রমকে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে আসছেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণের সঙ্গে তাঁর যোগাযোগ আরও সুদৃঢ় হয়েছে বলে জানা গেছে।
উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়
নিজের প্রার্থিতা ও নির্বাচনী লক্ষ্য সম্পর্কে মোহাম্মদ আলী বলেন, “আমি অবহেলিত পূর্বধলা উপজেলাবাসীর অধিকার আদায় এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। উপজেলা পরিষদকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার মূল লক্ষ্য। দল ও সাধারণ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেবেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করে মোহাম্মদ আলীর পক্ষে সমর্থন ও দোয়া কামনা করছেন।
মোহাম্মদ আলীর সমর্থকদের মতে, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে তিনি পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একজন আলোচিত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
আসন্ন নির্বাচনে তিনি সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও ভোট প্রত্যাশা করেছেন।