জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ছোবল থেকে রক্ষায় রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের চওড়ারহাট এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার অঙ্গীকার করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মো. ছাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ খাইরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা আশিকুর রহমান। এছাড়াও এলাকার শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক ও অনলাইন জুয়ার কারণে আজ তরুণ সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এর ফলে শুধু পরিবার নয়, পুরো সামাজিক কাঠামো ভেঙে পড়ছে। এই ভয়াবহতা থেকে তরুণদের বাঁচাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, মাদক ও জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করাই হবে কমিটির মূল কাজ।
আলোচনা শেষে চওড়ারহাট এলাকাকে ৬টি ইউনিটে বিভক্ত করে পৃথক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ইউনিট ৬টি হলো: বেনুঘাট, হরিরাম্মাল, বকসা, বুদাই, তপোধান ও গুলাল বুদাই। প্রতিটি ইউনিটে ১০ সদস্য বিশিষ্ট কমিটি থাকবে।
আয়োজকরা বলেন, আমরা চাই মাদক-জুয়ামুক্ত একটি সুন্দর চওড়ারহাট। এই লক্ষ্যে আমরা প্রশাসনের পাশাপাশি কাজ করে যাবো।