খুলনা ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের খুলনা আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) খুলনায় আয়োজিত এ সভায় বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। এতে বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ জেলা ও মহানগর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় খুলনায় বিএনপির দলীয় ঐক্য সুদৃঢ়করণ, গতিশীল সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূলের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে আগত নেতৃবৃন্দ ফাহমিদা হককে খুলনায় উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। দায়িত্বপ্রাপ্ত দুই আসনে দলীয় কার্যক্রমে তার সঙ্গে পূর্ণ সমন্বয় রেখে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতারা।
উন্মুক্ত আলোচনায় খুলনা-২ ও খুলনা-৬ আসনের সাধারণ মানুষের দুর্দশা, স্থানীয় উন্নয়নের অগ্রাধিকার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের পাশে থাকার বিষয়ে তৃণমূল নেতৃবৃন্দ বিস্তারিত মতামত তুলে ধরেন। তারা নিজ এলাকার রাজনৈতিক চিত্র, সাংগঠনিক অবস্থা ও সামাজিক-অর্থনৈতিক সংকটের চিত্র উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের রাজনীতির মূল চালিকাশক্তি সাধারণ জনগণ। তাই প্রতিটি নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তাদের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমেই দলকে তৃণমূলে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।”
তিনি আরও বলেন, কেন্দ্র ও তৃণমূলের সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমেই বিএনপির নীতি ও আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে গতিশীল রাখতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় খুলনা জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সকল স্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে মূল্যবান মতামত তুলে ধরেন। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় দেখা যায়।