খুলনা প্রতিনিধি:
শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শিল্পপ্রতিভা বিকাশে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নগরীর ইকবালনগর রোডের খুলনা আর্ট একাডেমি।
নজরুল বর্ষ উপলক্ষে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পদ্মবিলের ছবি এঁকে প্রথম স্থান অর্জন করেছে একাডেমির মেধাবী শিক্ষার্থী যাহরুন তাসনিম। এটি তার জীবনের ৭৩তম অর্জন।
সাফল্যের পর প্রতিদিনের মতো ক্লাস চলাকালীন একাডেমিতে আসে যাহরুন। এ সময় সে তার শিক্ষক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে দেখা করে এবং মিষ্টি নিয়ে আসে। তার সাফল্যে আনন্দিত হয়ে মিলন বিশ্বাস তাকে মিষ্টিমুখ করান এবং শুভকামনা হিসেবে একটি খাতা উপহার দেন। পরে ক্লাসে উপস্থিত অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদেরও মিষ্টিমুখ করানো হয়।
যাহরুন তাসনিম বর্তমানে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং খুলনা আর্ট একাডেমির নিয়মিত শিক্ষার্থী। তার এই ধারাবাহিক সাফল্যের পেছনে শিক্ষক মিলন বিশ্বাসের নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে যাহরুনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।