নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড–২০২৬ লাভ করেছেন আযম খান সরকারি কমার্স কলেজের দুই কৃতি শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড.আ. ন. ম. এহসানুল হক মিলন মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আযম খান সরকারি কমার্স কলেজের কৃতি শিক্ষার্থীরা।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—
সাবিহা ইয়াসমিন লিমা
তিনি ২০১৪–১৫ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। ২০১৮ সালের বিবিএ (অনার্স) চূড়ান্ত পরীক্ষায় তিনি সিজিপিএ ৩.৮১ অর্জন করেন।
শিপ্রা বিশ্বাস
তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। ২০২২ সালের বিবিএ (অনার্স) চূড়ান্ত পরীক্ষায় তিনি সিজিপিএ ৩.৮০ অর্জন করেন।
অনুষ্ঠানে আযম খান সরকারি কমার্স কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের এই অর্জনকে আরও গৌরবময় করে তোলে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন আযম খান সরকারি কমার্স কলেজের জন্য একটি গৌরবের বিষয়। কৃতি দুই শিক্ষার্থীর এই সাফল্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আযম খান সরকারি কমার্স কলেজ পরিবার কৃতি শিক্ষার্থী সাবিহা ইয়াসমিন লিমা ও শিপ্রা বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।