মো. মুনজুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদকে ফের গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আসামিদের প্রত্যক্ষ নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে বাদী মো. আলেক খানসহ আন্দোলনকারীদের হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় আলেক খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সুস্থ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।