হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধণ, প্রকল্প বাস্তবায়নে গতি আনা এবং জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল, কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।