হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, ইভটিজিং (উত্যক্তকরণ) ও বাল্যবিবাহ প্রতিরোধ, মোবাইল ফোন ব্যবহারের কুফল এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টায় পূর্বধলা থানার উদ্যোগে উপজেলার হুগলা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
আলোচনায় তিনি মাদকাসক্তির ভয়াবহতা, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং অতিরিক্ত বা অনুপযুক্তভাবে মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে করণীয় এবং কোন কোন বিষয় থেকে বিরত থাকা প্রয়োজন, সে বিষয়গুলোও আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং পূর্বধলা থানার সংশ্লিষ্ট বিট অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে পুলিশের এ ধরনের উদ্যোগকে বিদ্যালয়ের শিক্ষকরা প্রশংসনীয় ও সময়োপযোগী বলে উল্লেখ করেন। শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল ভবিষ্যৎ গঠনে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।