হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যৎ জীবন গড়ার দিকনির্দেশনা দিতে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে, পূর্বধলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে সমাজ ও সুন্দর জীবনের অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়া, জীবনের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, অনুশাসন ও পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীসহ প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সভার সফল আয়োজনে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁরা পুলিশের এই প্রশংসনীয় ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের পাশাপাশি থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ বৃদ্ধি ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।