জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
রাজধানী ঢাকার মিরপুর-১০ নাম্বার এলাকায় চারতলা একটি ভবন থেকে পড়ে আলিমুল ইসলাম নামে ডোমারের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আলিমুল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সির বাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১০ এর একটি চারতলা ভবন থেকে আকস্মিকভাবে নিচে পড়ে যান আলিমুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তিনি কীভাবে ভবনের ছাদ বা বারান্দা থেকে পড়ে গেলেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। মিরপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আলিমুলের অকাল মৃত্যুর সংবাদ বামুনিয়ার মুন্সির বাজারে পৌঁছাতেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
স্থানীয়রা বলেন, আলিমুল খুবই ভালো ছেলে ছিল। তার এমন আকস্মিক মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না।