রংপুর প্রতিনিধি:
দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
২০১৫ সালের ২৪ ডিসেম্বর নগরীর ধর্মদাস এলাকায় নৃশংসভাবে হত্যার শিকার হন দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার উৎস রহমান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
দীর্ঘ ১১ বছর পর আজ এ রায় ঘোষণা করা হয়। রায়ে মাদক কারবারী জহিরন আক্তার জুই ওরফে গেদিসহ ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।
রায়ের পর নিহত উৎস রহমানের মা নুরজাহান বেগম ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ জানান, দীর্ঘদিন পর বিচার পেলেও খালাস প্রাপ্তদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।