জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর মাছুয়া পাড়ায় শিক্ষক পরিবারের ৪ জনকে হ’ত্যার ঘটনাকে “দুঃখজনক” আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার এ ধরনের জঘন্য ঘটনার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথেই মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। তারা আদালতে জবানবন্দিও দিয়েছে। অতি অল্প সময়ের মধ্যে এই জঘন্যতম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দিন দিন মাদকের কারণে এ ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি জনগণের মাঝে মাদকের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।
জনগণ, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অপরাধ নির্মূল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছরেই শুরু
এর আগে রংপুর জেলা শিল্পকলা অডিটরিয়ামে ইআইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, উত্তরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে।
সব ছাপিয়ে আগামী বছরেই এর কাজ শুরু হবে। উচ্চ পর্যায়ের কারিগরি দল নিয়ে সমীক্ষাসহ প্রকল্পের প্রাথমিক কাজ এগিয়ে নিয়েছে বর্তমান সরকার – বলেন তিনি।
উল্লেখ্য: রংপুরের মাছুয়া পাড়ায় শিক্ষক গণপতি সহ একই পরিবারের ৪ জনকে হ’ত্যা করা হয়।