মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় ধানক্ষেত থেকে জ্যোতিষ চন্দ্র রায় (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয়রা আলী ইটভাটার উত্তর পাশে কৃষিজমির কাছে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত জ্যোতিষ চন্দ্র রায় পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে লাশটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এদিকে ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, রাণীশংকৈল থানা পুলিশ এখনো অভিযানে রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করছে এ ঘটনার রহস্য উদ্ঘাটন।