মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর ও আধুনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন চৌধুরী খোকন, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
সন্ধ্যায় তাঁরা আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে রাত ৮টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের নাথপাড়া ও কর্মকারপাড়া এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম জাহেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, দক্ষিণ জেলা পেশাজীবী দলের আহ্বায়ক নজরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাস্টার রিটন বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল।
পরিদর্শনকালে নেতারা লোহাগাড়া সদরের সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে আধুনগর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার শ্রীশ্রী হরি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল আরিফ।
পরিদর্শনকালে বিএনপি নেতারা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।