ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় মো. হাবিবুর রহমান নামে এক কৃষককে কয়েকজন ব্যক্তি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বলিয়াবাড়ী ব্রিজের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত হাবিবুর রহমান কলম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও মৃত সাত্তার আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাবিবুর রহমান। পথে বলিয়াবাড়ী ব্রিজের সামনে শফিকুল মেম্বারের বাড়ির কাছাকাছি পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি তাকে দেখে মারধর শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় হাবিবুর রহমান প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া করে ধরে আবারও মারধর করেন বলে স্থানীয়রা দাবি করেন।
একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হাবিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে। তবে কী কারণে তার ওপর হামলা চালানো হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিংড়া থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।