মো. মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিঙ্গাপুর প্রবাসী এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আহত যুবকের নাম মো. শিমুল আহমেদ (২০)। তিনি পুঠিয়া উপজেলার বদোপাড়া গ্রামের মো. মুজুর আলীর ছেলে। তিনি গত দুই বছর আগে জীবিকার তাগিদে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে বন্ধু শাকিল আহমেদ (গ্রাম: কাশিয়াপুকুর)-কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন শিমুল। পুঠিয়া-তাহেরপুর সড়কের বাসুপাড়া বাজারের পাশে কাজুপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুজনেই ছিটকে পড়ে যান। শাকিল তেমন আহত না হলেও শিমুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে শাকিলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং শিমুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শিমুলের ডান পা ভেঙে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তার ডান পায়ে অস্ত্রোপচার শেষে ব্যান্ডেজ করে ওয়ার্ডে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।