খুলনা ব্যুরো:
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় খুলনা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর শেখ আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় ব্যুরো চিফ প্রভাষক স্বদেশ সরকার। আলোচনা সভায় বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহসভাপতি জামাল মোড়ল, ইঞ্জিনিয়ার এস এম নাজমুল হাসান, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমন, এনসিবি সদস্যসচিব ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক খান তারিকুল ইসলাম, সাংবাদিক সিরাজুদ্দিন সেন্টু, গাংচিলের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাংবাদিক ইমন শেখ, সাংবাদিক রায়ান তামিম, সাংবাদিক বি. সরকার, শাওন আহমেদ, সাংবাদিক আবির হোসেন, অ্যাডভোকেট মোস্তফা বিলাল, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট শফিকুর রহমান পলাশ ও আলহাজ নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের আলোচনায় সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন।
দশ বছরের পথচলা একটি সংবাদপত্রের জন্য যেমন গৌরবের, তেমনি এটি দায়িত্ব ও অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সত্য প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ, গঠনমূলক চিন্তা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মধ্য দিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনেও পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। দৈনিক স্বদেশ বিচিত্রার পক্ষ থেকে পত্রিকাটির এই গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া, আশীর্বাদ ও শুভকামনা প্রত্যাশা করা হয়েছে।
সত্য, বস্তুনিষ্ঠতা ও জনমানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক স্বদেশ বিচিত্রা আগামী দিনগুলোতেও এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।