মো. আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ ১৭ বছর দিবসটি যথাযথভাবে আলোচনায় আসেনি। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দেশের ইতিহাস ও ঐতিহাসিক দিবস সম্পর্কে সঠিক ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় দিবসগুলোর ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এসব দিবস সম্পর্কে জানাতে হবে এবং যথাযথভাবে দিবসগুলো পালনের বিষয়ে সচেতন থাকতে হবে। ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্য দিয়েই দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হচ্ছে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া সুলতানা প্রথম, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান তুরিণ দ্বিতীয় এবং ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৌশিক সরকার তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এমএ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, উপজেলা হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী, পূর্বধলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান মজিবুর রহমান, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্য দে, সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল হেলালী।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।