হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সাহিত্যের বিকাশ এবং স্থানীয় সংস্কৃতির চর্চা ও প্রসারে গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, এমপি।
গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে আলোচনা করেন।
সভায় ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সাহিত্যের বিকাশ, স্থানীয় সংস্কৃতির চর্চা ও প্রসার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল ও শশীলজ পরিদর্শন করেন। এ সময় স্থাপনা দুটির ঐতিহাসিক ও নান্দনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সেগুলোর সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্য পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব প্রতিমন্ত্রীর এ পরিদর্শনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।