ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের পাটসাইল গ্রামের নতুনপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ছাগল ও একটি গরু পুড়ে মারা গেছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন এলাকার দরিদ্র নারী ঝালু পাগলী, যার জীবিকার একমাত্র সম্বল ছিল এসব গবাদিপশু।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঘুম থেকে জেগে ঝালু পাগলী দেখতে পান তার গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘরে থাকা পাঁচটি ছাগল ও একটি গরু আগুনে পুড়ে মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে পাটের শোলা ও শুকনো খড় থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, গবাদিপশুর নড়াচড়ায় কয়েলটি দাহ্য বস্তুতে লেগে আগুনের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। তিনি ক্ষতিগ্রস্ত ঝালু পাগলীর হাতে শুকনো খাবার তুলে দেন এবং সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। তার মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, ঝালু পাগলী দীর্ঘদিন ধরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আগুনে মারা যাওয়া পাঁচটি ছাগল ও একটি গরুই ছিল তার একমাত্র সম্পদ। এ দুর্ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বারবার কান্নায় ভেঙে পড়ছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের ঝালু পাগলীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। যেহেতু তিনি ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেন না, তাই কেউ সহযোগিতা করতে চাইলে সরাসরি তার বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।