হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ৩০ জন ব্যক্তির মাঝে ৩ লাখ টাকার বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। একই দিনে পূর্বধলা উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন মাননীয় সংরক্ষিত মহিলা আসন-২৬-এর সংসদ সদস্য মানসুরা আলম।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য মানসুরা আলম।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে বাছাইকৃত ৩০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
অনুদান বিতরণ শেষে সংসদ সদস্য মানসুরা আলম উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরা মিয়া, হোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাওয়ার্দী মীর, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি হোগলা ইউনিয়নের গারো সম্প্রদায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গির্জার সংস্কারকাজ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি গির্জার অবকাঠামোগত উন্নয়ন, পিলার ও দেয়াল সংস্কার, নতুন রং করা, চালের টিন পরিবর্তন এবং স্কুলের আসবাবপত্র ও বেঞ্চ সরবরাহের কাজ সরজমিনে তদারকি করেন।
এরপর সংসদ সদস্য হোগলা বায়তুল আমান জামে মসজিদের চলতি সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমেদ এবং সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সংসদ সদস্যের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন,
ও দলের নেতৃবৃন্দ।