মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ বদলি হওয়া দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব ধীমান কুমার মন্ডল ও জনাব সৌরভ মাহমুদ। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁদের সফলতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জবাবে বিদায়ী দুই কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।