আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মাদক মামলার আসামি, আদালতে সাজাপ্রাপ্ত আসামি এবং সন্দেহভাজন মাদকসেবী রয়েছে।
শনিবার (২২ আগস্ট) সেনবাগ থানা-পুলিশের পরিচালিত এ অভিযানে মো. ফারুক (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে মাদক সেবনের অপরাধে বিজ্ঞ আদালতের সামারি ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত দুই আসামি—শফি উল্লাহ (২২) ও মো. সফি উল্লাহ (৫৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের সন্দেহে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয় মেহেদী হাসান ফয়সাল (২২) ও মো. শাহাব উদ্দিন (৩০) নামের আরও দুই যুবককে।
সেনবাগ থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি রোধ ও মাদক নির্মূলে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।