কানন জামান
উইনিপেগ, মানিটোবা, কানাডা
২০ বছরেরও বেশি সময় পর আবারও একটি জাতীয় ক্রীড়া আসরের আয়োজন করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব উইনিপেগ। ২০৩০ সালের ইউ স্পোর্টস পুরুষ ভলিবল জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এটি হবে ওয়েসমেন দলের পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন। সর্বশেষ তারা ১৯৯২ সালে এই প্রতিযোগিতা আয়োজন করেছিল।
ওয়েসমেন অ্যাথলেটিক্সের পরিচালক কারা আইজ্যাক বলেন, ২০৩০ সালে এই বড় আসর আবার উইনিপেগে ফিরিয়ে আনতে পেরে তারা খুবই আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, কানাডার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভলিবলপ্রেমীরা উইনিপেগের ক্রীড়া ঐতিহ্য ও আতিথেয়তা উপভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি জিনো ডিস্তাসিও বলেন, ২০০৫ সালের পর এই প্রথম ইউনিভার্সিটি অব উইনিপেগ কোনো জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগ পাচ্ছে। তিনি মনে করেন, এটি বিশ্ববিদ্যালয় ও শহরের জন্য একটি গর্বের বিষয়।
পুরুষ ভলিবলে জাতীয় শিরোপা জয়ের ক্ষেত্রে ওয়েসমেন, ম্যানিটোবা বিসনস এবং আলবার্টা গোল্ডেন বেয়ার্স যৌথভাবে শীর্ষে রয়েছে।