হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) থেকে:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার চাঁনপুর চাঁদপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাটি ভরাট ও সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাননীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই সংস্কারকাজ বাস্তবায়ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতসহ দৈনন্দিন শারীরিক শিক্ষা ও খেলাধুলায় মারাত্মক বিঘ্ন ঘটত। সংসদ সদস্য মানসুরা আলমের এই জনকল্যাণমুখী পদক্ষেপে মাঠটিতে মাটি ভরাট করায় বিদ্যালয় প্রাঙ্গণের দীর্ঘদিনের সেই জলাবদ্ধতার অবসান ঘটল।
মাঠ সংস্কারের ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসা- যাওয়া করতে পারবে। একই সাথে ক্রীড়া চর্চা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের জন্য একটি সুন্দর ও উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এমপি মানসুরা আলমের এই ইতিবাচক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই সংস্কারের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ও শিক্ষার্থীদের ইতিবাচক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে।