মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
খুলনার তেরখাদা উপজেলায় বাড়ির সামনে মাফিক সরদার (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মোকামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাফিক সরদারের একটি পা, একটি হাত ও কোমরে গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মাফিক সরদারকে উদ্ধার করেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার বাসিন্দা আবুল সরদারের ছেলে।