মোঃ মোস্তাহার আলম লেবু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
এ সময় উপজেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ডিমলা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে।
পরে দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও এ্যাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ দলীয় নেতৃবৃন্দ ও দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও পালন করা হয়।