নিজস্ব সংবাদদাতা, ডোমকল (মুর্শিদাবাদ)
গতকাল রবিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল শহরে স্থানীয় কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কবি তানবির কাজি-র নতুন কাব্যগ্রন্থ ‘ভালোবাসতে হলে ধর্ম জানতে হয়’।
কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথা-সাহিত্যিক সামশুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক রেজাউল করিম, শুকদেব পাল, রাশিদুল বিশ্বাস, খন্দকার ওমর ফারুক, খোদাবক্স মণ্ডল, নুরজামান শাহ, মিজানুর রহমান-সহ জেলার বহু বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ফটোগ্রাফার ও প্রাবন্ধিক বদরুদ্দোজা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ও প্রাবন্ধিক বিভাস বিশ্বাস।
কাব্যগ্রন্থ প্রকাশের পর কবি তানবির কাজি বলেন, “ভারতবর্ষে বর্তমানে ধর্মীয় বিদ্বেষ ও বিভাজনের প্রবণতা ক্রমশ বাড়ছে। এমন এক সময়ে অনেকেই ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও মানুষের পরিচয়কে ধর্ম বা জাতের ভিত্তিতে বিচার করছেন। এই মানসিকতা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেই বাস্তবতা ও মানবিকবোধ থেকেই ‘ভালোবাসতে হলে ধর্ম জানতে হয়’ কাব্যগ্রন্থটি রচিত ও বিন্যস্ত হয়েছে।”
অনুষ্ঠানজুড়ে কবিতাপাঠ, সাহিত্যচর্চা এবং গ্রন্থটির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে কাব্যগ্রন্থটি নিয়ে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।