জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে থানা পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ডোমার উপজেলার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার মাসুদ পারভেজ সোহেল এবং ভোগডাবুড়ী এলাকার সামিরুল।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ডোমার থানা পুলিশ ও র্যাব পৃথকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
ডোমার থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।