মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ
তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, ঠিকাদারি প্রথা বাতিল করে বাংলাদেশ নৌবাহিনীর অধীনে কাজ প্রদান এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর খিলক্ষেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে খিলক্ষেত এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত কর্মীরা তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। আন্দোলনকারীদের অভিযোগ, রাজধানী শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনরাত পরিশ্রম করলেও তারা দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। গত তিন মাস ধরে বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক অনটন ও মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ঠিকাদারদের অধীনে কাজ করতে গিয়ে তারা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন। তাই ঠিকাদারি ব্যবস্থার অবসান ঘটিয়ে সরাসরি নৌবাহিনীর অধীনে কাজের সুযোগ সৃষ্টি এবং তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।
কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য যান চলাচলেই বিঘ্ন ঘটলে খিলক্ষেত থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের শান্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস ও আহ্বানে সাড়া দিয়ে কর্মীরা সুশৃঙ্খলভাবে মহাসড়ক ছেড়ে দিলে দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়।
নগর পরিষ্কার ও পরিবেশ সুরক্ষায় নিরবচ্ছিন্ন ভূমিকা রাখার কথা স্মরণ করিয়ে দিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা অবিলম্বে বকেয়া মজুরি মেটানো এবং চাকরির সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান। একই সাথে, তাদের মানবিক এ দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।