সীমান্ত, জবি প্রতিনিধি:
ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মঞ্চস্থ হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীনের দুটি আলোচিত নাটক — ‘যৌবতী কন্যার মন’ ও ‘ধাবমান’।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে নাটক দুটি মঞ্চস্থ হবে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় ‘যৌবতী কন্যার মন’। পরবর্তী দুই দিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর একই সময়ে মঞ্চস্থ হবে ‘ধাবমান’।
২৮ সেপ্টেম্বর আফরিন হুদা তোরার নির্দেশনায় ‘যৌবতী কন্যার মন’ মঞ্চস্থ হয়। এদিন বাংলাদেশ স্টুডিও থিয়েটার হলে নাটকটি দেখতে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি। নাটক শেষে তিনি বিভাগের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন এবং নাটকের আবেগকে অধিক মূল্যায়ন করেন। নির্দেশক আফরিন হুদা তোরাকে এ ধরনের মঞ্চায়ন অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়, “সংস্কৃতিতে বাংলাদেশ ও ভারতের অনেক মিল রয়েছে। এই ধরনের পরিবেশনা নিজের সংস্কৃতিকে মনে করিয়ে দেয়।”
পোস্টারে নাট্যাচার্য সেলিম আল দীনের একটি উদ্ধৃতিও ব্যবহার করা হয়েছে —
_“এই আমাদের দেশ
আমার কিছু নাই
আমি শূন্যে ভাসমান
গঠিত হই শূন্যে মিলায়”—_
চার দিনের সবগুলো প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। আয়োজনে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। বিভাগটি ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ একাডেমিক পরিসর হিসেবে কাজ করছে।