হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে নেত্রকোণায় জেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগস্ট (২০২৬) বিকেল ৪:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বৈচিত্র্যময় সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে আসন্ন প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা থেকে প্রতিভাবান শিল্পী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নেত্রকোণার যৌথ আয়োজনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।