মাধবপুর প্রতিনিধি:
নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে আলাদা বাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাতামুন নাবীয়্যীন (সা:) ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার চেয়ারম্যান ও পীর সাহেব মৌচপুর দরবার শরীফের সৈয়দ শিব্বির আহমদ শিবলী (ছোট সাহেব)। একই সঙ্গে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পরিবহন, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে আরও পরিকল্পিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক
বিবৃতিতে সৈয়দ শিব্বির আহমদ শিবলী বলেন, “নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে আলাদা বাস চালুর উদ্যোগকে আমি স্বাগত জানাই। এমন একটি প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।”
তিনি বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক শৃঙ্খলা বজায় রাখতেও পরিবহন, শিক্ষা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে আরও পরিকল্পিত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পক্ষের দ্বিমত বা সমালোচনা থাকতে পারে। তবে জনকল্যাণমূলক ভালো উদ্যোগকে দল-মত নির্বিশেষে স্বাগত জানানো এবং ইতিবাচক কাজে সহযোগিতা করাই দায়িত্বশীলতার পরিচয়।
সৈয়দ শিব্বির আহমদ শিবলী প্রত্যাশা করেন, নারীদের জন্য নিরাপদ চলাচলের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর হবে। এর মাধ্যমে নারীদের নিরাপত্তা, স্বস্তি ও মর্যাদা নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।