পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
জনস্বার্থ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও পরিবেশদূষণ প্রতিরোধে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ জরিমানা করা হয়েছে।
দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান
দুর্গাপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে দুর্গাপুর পৌরসভার আবাসন এলাকা থেকে ৩ জন এবং দুবরাজপুর এলাকা থেকে ১ জনকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের উপকরণসহ আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দোষ স্বীকারোক্তি এবং অপরাধের মাত্রা বিবেচনায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড, ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
নেত্রকোণা পৌরসভায় পলিথিনবিরোধী অভিযান
নেত্রকোণা পৌরসভার মেছুয়া বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পৃথক একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর ধারা ৬(ক) অনুযায়ী “মা কালী ভাণ্ডার” নামক একটি দোকান থেকে আনুমানিক ৭.৫ (সাড়ে সাত) বস্তা নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং দোকান কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য দোকানে পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। একই সাথে সর্বসাধারণকে মাদক থেকে দূরে থাকার এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি থেকে বিরত থেকে আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।