হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
“রূপালী মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে, রোববার (১৬ আগস্ট ২০২৬ ) বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির মাধ্যমে মৎস্যসম্পদের গুরুত্ব, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদনের বিষয়ে সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। র্যালি শেষে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির রুই জাতীয় ও দেশীয় মাছের পোনামাছ অবমুক্ত করা হয়।
পরবর্তীতে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে জেলাজুড়ে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ মৎস্য খাত ও পুষ্টিনিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।