হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
একটি ক্লু-লেস নবজাতক হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় টানা দ্বিতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম।
মঙ্গলবার (১১ আগস্ট) নেত্রকোণা পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় বিগত জুলাই মাসের অপরাধ দমন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন এবং সার্বিক কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তার হাতে সম্মাননা সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন পূর্বধলা উপজেলার কালীহর নদী থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি কালো রঙের শার্টে পেঁচানো এবং ইট দিয়ে বাঁধা অবস্থায় ভেসেছিল। পুলিশ ময়নাতদন্তের পাশাপাশি পিতৃ ও মাতৃপরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে এবং একটি হত্যা মামলা দায়ের করে।
সম্পূর্ণ ক্লু-লেস এই মামলাটির তদন্তভার গ্রহণ করেন পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় নিবিড় তদন্ত চালিয়ে অতি দ্রুততম সময়ে তিনি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেন এবং ঘটনার মূল অভিযুক্ত মো. সাজন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
অভিযুক্তকে গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকার পাশাপাশি অপরাধ দমনে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরষ্কার দেওয়া হয়। এর আগে জুন মাসের পারফরম্যান্সের ভিত্তিতেও তিনি জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে ভূষিত হয়েছিলেন।
উক্ত সভায় নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।