হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফুচকাসহ চারজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের বাহিরচাপড়া এলাকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত চার আসামি হলেন— জেলার মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), নেত্রকোনা সদরের পারলা (চল্লিশাপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), সদর উপজেলার দড়িজাগি গ্রামের মোখলেস মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলা উপজেলার ইসবপুর (মধ্যপাড়া) ভবের বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় সন্দেহজনক একটি নীল রঙের টাটা এসি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে ৪২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে দুই হাজার একশ প্যাকেট অবৈধ ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
আটকদের কাছে এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র বা চালানপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে পুলিশ চোরাচালানের অভিযোগে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, জব্দকৃত দুই হাজার একশ প্যাকেট ভারতীয় ফুচকার প্রতিটির বাজারমূল্য প্রায় ২৫০ টাকা হিসেবে মোট ৫ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটির আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
অভিযানের বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ভারতীয় পণ্যগুলো আনা হয়েছিল। নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে চোরাচালান চক্রটিকে মালামালসহ হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।