এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর এলাকায় জমি দখল, হয়রানি ও হুমকির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তেলীনগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী রহমত আলী ও রোমান মিয়া বলেন, “আমাদের ৮৫ শতক জমির সাবেক দাগ ২১২৬, ২১২৭, ২১২৮ এবং বর্তমান দাগ ৭০৭৬, ৭০৭৭। ২০০৬ সালে নিম্ন আদালত ও ২০০৮ সালে জজ কোর্ট থেকে আমরা রায় পেয়েছি। সরকার পতনের পর থেকে তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পরিচয় দিয়ে আলী মিয়া আমাদের জমি দখলের হুমকি দিয়ে আসছে।”
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও অভিযুক্ত আলী মিয়া ও তার লোকজন জোরপূর্বক জমিতে দেয়াল ও সীমানাপ্রাচীর নির্মাণ করে বিক্রির সাইনবোর্ড লাগিয়েছেন এবং এলাকায় বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন। তারা প্রায় ৫০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।
মানববন্ধনে হাবিবুর রহমান, হুমায়ুন কবির, দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন চলাকালীন অভিযুক্ত আলী মিয়া বাধা প্রদান করেন বলে জানান ভুক্তভোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত আলী মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।