মো: আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপে ক্ষোভ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক অনিয়ম, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শনিবার বেলা ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী হাসপাতালে উপস্থিত হন। তিনি দীর্ঘ আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান করে চিকিৎসাসেবার গুণগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, খাবারের মান এবং তীব্র চিকিৎসক সংকটসহ যাবতীয় বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের স্টোররুমে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকতে দেখে উষ্মা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের অনেক সাধারণ মানুষ যেখানে সময়মতো প্রয়োজনীয় ওষুধ পান না, সেখানে এখানে লাখ লাখ টাকার ওষুধ মেয়াদ পার হয়ে নষ্ট হচ্ছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা ও অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “এভাবে একটি সরকারি হাসপাতাল চলতে পারে না। সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তাই জনগণের প্রতি আমাদের গভীর দায়বদ্ধতা রয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলে এসব অসঙ্গতির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে এই এলাকার মানুষকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে যান এবং সেটির বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য জেলা কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এবং স্থানীয় বিএনপি নেতা সোমনাথ দে-সহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।