হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সামাজিক বিভিন্ন সমস্যা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতামূলক নানা বিষয়ে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।
গত শুক্রবার (২ অক্টোবর ) কাজীয়াটি জামে মসজিদে জুমার নামাজের পর আয়োজিত এ মতবিনিময়ে ওসি হাফিজুল ইসলাম হারুন উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বিভিন্ন সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতার বিষয়ে বক্তব্য দেন।
মতবিনিময়কালে তিনি সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে সন্তানদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
তিনি জমিজমা সংক্রান্ত বিরোধে না জড়ানোর পাশাপাশি কোনো ঘটনা বা বিরোধের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। ‘মব জাস্টিস’ থেকে বিরত থাকার বিষয়েও তিনি মুসল্লিদের সতর্ক করেন।
পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া আত্মহত্যার কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ওরশ ও মাজার শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার বিষয়ে উপস্থিত মুসল্লিদের সতর্ক করেন ওসি।
মতবিনিময় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সুস্বাস্থ্য, শান্তি ও মঙ্গল কামনা করেন। এ সময় কাজীয়াটি জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের মতো জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরায় কাজীয়াটি জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ওসি হাফিজুল ইসলাম হারুনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।