মামুন হোসেন, যশোর:
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে।
আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর এলাকার মাহমুদ আলীর স্ত্রী। ভুক্তভোগী শাহানারা (৬৫) যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহানারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। অভিযোগ, এ সময় পেছন থেকে তাঁর ওড়নার ভেতরে হাত ঢুকিয়ে কাটার দিয়ে গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন শাহানা। এ সময় উপস্থিত লোকজন তাঁকে হাতেনাতে আটক করে।
ঘটনাস্থল থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি কাটার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানাকে অবগত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।